হিন্দু আইন
হিন্দু আইন হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস ও জীবন-যাপন প্রণালীকে নিয়ন্ত্রণ করে এমন কতিপয় বিধিবিধান, প্রথা ও আচরণবিধির সমাহার। হিন্দু আইন দুটি ধারায় বিভক্ত: দায়ভাগ ও মিতাক্ষরা। দায়ভাগের রচয়িতা বাঙালি স্মৃতিকার জীমূতবাহন। প্রধানত যাজ্ঞবল্ক্যস্মৃতি অনুসারে সম্পত্তির উত্তরাধিকার ও উত্তরাধিকারক্রম বিষয় অবলম্বনে দায়ভাগ রচিত। এর রচনাকাল খ্রিস্টীয় একাদশ থেকে ত্রয়োদশ শতকের মধ্যে বলে মনে করা হয়। অন্যদিকে মিতাক্ষরা (আনু. ১১শ শতক) হচ্ছে যাজ্ঞবল্ক্যস্মৃতির বিস্তারিত ব্যাখ্যা। এটি রচনা করেন অবাঙালি স্মৃতিকার বিজ্ঞানেশ্বর। উত্তরাধিকার ও উত্তরাধিকারক্রম নির্ধারণে দায়ভাগ বঙ্গে ব্যাপকভাবে প্রচলিত ছিল; এর কর্তৃত্ব ছিল সর্বোচ্চ। তবে দত্তক সম্পর্কে কুবের রচিত দত্তকচন্দ্রিকা (আনু. ১৬শ শতক) একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সংস্কৃত রচনায় যেভাবে প্রকাশিত হয়েছে তাতে মনে হয়, বাংলায় হিন্দু আইন খুব ব্যাপক ও জটিল আকারে বিকশিত হয়েছে। বাংলায় ব্রিটিশ শাসকগণ কর্তৃক সম্পত্তি বণ্টন, উত্তরাধিকার ও উত্তরাধিকারক্রম নির্ণয় ব্যতীত অন্যান্য ক্ষেত্রে দেওয়ানি আইনসমূহ প্রযুক্ত হতো সম্ভবত ভারতের অন্যান্য অংশে ব্যবহূ...